জেলা প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ইটভাটাকে মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার আমজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেসার্স সেলিম ব্রিকস, মের্সাস অনি ব্রিকস ও মের্সাস মার্ক ব্রিকসকে চার লাখ টাকা করে এবং মের্সাস রণি ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ লঙ্ঘন করে পরিচালিত হওয়ায় এসব ইটভাটার বিরুদ্ধে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান মিয়া, পরিদর্শক শারমিতা আহমেদ লিয়া, যৌথ বাহিনীর সদস্য, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।











