হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৮৬ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৮ নভেম্বর) এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ১৫ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরীক্ষায় ৫৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৯৬১ শিশু।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৮০ শিশু এবং একই সময়ে নিশ্চিতভাবে মারা গেছে ১০৬ শিশু।
দেশে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জনে। তাদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগী ২৬ হাজার ৬০৮ জন।
এছাড়া হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
