নিজস্ব প্রতিবেদক:
খাদ্য, পরিবেশ, কৃষিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বড় ধরনের প্রশাসনিক রদবদল করেছে সরকার। ১১টি অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক এবং ৩টি কর্তৃপক্ষে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে এসব গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রোববার (২৬ এপ্রিল) পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এই নিয়োগের মাধ্যমে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান। পরিবেশ অধিদপ্তরে দায়িত্ব পেয়েছেন ড. মো. লুৎফর রহমান, আর কৃষি বিপণন অধিদপ্তরের নেতৃত্বে এসেছেন এম এম আরিফ পাশা। একই সঙ্গে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে দিল আফরোজকে।
পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন এ এস এম মুস্তাফিজুর রহমান। জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের দায়িত্ব পেয়েছেন খোন্দকার আনোয়ার হোসেন। এছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে মহাপরিচালক হয়েছেন মো. আব্দুল্লাহ আল-মামুন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।
একই প্রজ্ঞাপনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হয়েছেন মো. আসাদুজ্জামান। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগে দায়িত্ব পেয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক করা হয়েছে দেলোয়ার হোসেনকে। পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল হয়েছেন হাসান মাহমুদ।
অন্যদিকে তিনটি গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষেও নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন রাজা মো. আব্দুল হাই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম। আর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ হাবীবুর রহমান।
সরকারি এই রদবদলকে প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্ত করে এসব কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্ট খাতে সমন্বয় ও কার্যকারিতা বাড়ানো যায়।











