ট্রাম্পের নৈশভোজে গুলি, কে এই কোল টমাস অ্যালেন?

অনলাইন ডেস্ক:

ওয়াশিংটনের আলোচিত নৈশভোজে গুলির ঘটনার পর সবচেয়ে বেশি আলোচনা এখন আটক সন্দেহভাজন কোল টমাস অ্যালেনকে ঘিরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকা অবস্থায় ওয়াশিংটন হিলটন হোটেলে নিরাপত্তা চৌকির কাছে গুলির ঘটনা আতঙ্ক ছড়ায়। দ্রুত পদক্ষেপে ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। পরে হামলাকারীকে আটক করা হয়। সিএনএন, রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটিকে একক হামলা বলেই মনে করা হচ্ছে।

 

শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে প্রায় ২ হাজার ৬০০ অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকে আশ্রয়ের জন্য ছুটতে শুরু করেন। নিরাপত্তা সদস্যরা দ্রুত ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেন।

 

রয়টার্স জানায়, সন্দেহভাজনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। কর্তৃপক্ষের ভাষ্য, নিরাপত্তা স্ক্রিনিং অতিক্রমের চেষ্টা করার সময় তাকে থামানো হয়। এ সময় এক সিক্রেট সার্ভিস সদস্য গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ ভেস্ট থাকায় প্রাণে বেঁচে যান।

 

ঘটনার পর সামনে আসে ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনের নাম। ক্যালিফোর্নিয়ার টরেন্সের এই বাসিন্দাকে নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম। সিএনএন বলছে, তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন, পাশাপাশি ভিডিও গেম ডেভেলপার হিসেবেও যুক্ত ছিলেন।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অ্যালেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। পরে কম্পিউটার সায়েন্সেও উচ্চশিক্ষা নিয়েছেন। পেশাগত পরিচয়ে নিজেকে তিনি প্রকৌশলী, শিক্ষক ও গেম ডেভেলপার হিসেবে তুলে ধরতেন।

 

ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরো বলেছেন, “এ পর্যন্ত পাওয়া তথ্য বলছে, অভিযুক্ত বড় ধরনের ক্ষতির উদ্দেশ্য নিয়েই এসেছিল। তবে নিরাপত্তা বলয়ের কারণে বড় বিপর্যয় এড়ানো গেছে।”

 

পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তবে এটি পরিকল্পিত রাজনৈতিক হামলা কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। ট্রাম্পও পরে জানান, হামলাকারীকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।

 

এই ঘটনার পর আবারও প্রেসিডেন্ট নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের ওপর দুই দফা হত্যাচেষ্টার পর নতুন এই ঘটনা নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এমন উচ্চ নিরাপত্তার অনুষ্ঠানে অস্ত্রসহ একজনের পৌঁছে যাওয়া বড় ধরনের সতর্ক সংকেত।

 

ঘটনার পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে সন্দেহভাজনের ছবি ও ভিডিও শেয়ার করেন। এতে আলোচনায় আরও গতি আসে। তবে তদন্তকারীরা বলছেন, উদ্দেশ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

 

সূত্র: সিএনএন, রয়টার্স