নিজস্ব প্রতিবেদক:
১৩৩ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। সোমবার (৩ মার্চ) দুপুরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়, বলে জানিয়েছেন সিআইডির জ্যেষ্ঠ কর্মকর্তা জসিম উদ্দিন খান।
২০২১ সালে সাদিক এগ্রো যুক্তরাষ্ট্র থেকে ১৮টি নিষিদ্ধ ব্রাহ্মণ গরু আমদানি করে, যা বাংলাদেশে নিষিদ্ধ। শুল্ক গোয়েন্দারা এসব গরু ঢাকা বিমানবন্দরে জব্দ করে এবং সেগুলে রাষ্ট্রায়ত্ত কেন্দ্রীয় গো-প্রজনন ও ডেইরি ফার্মে পাঠায়। পরবর্তীতে এসব গরু কোরবানির ঈদে জবাই করে মাংস নিলামে বিক্রি করা হয়।
এ ছাড়া, সাদিক এগ্রো গবাদিপশু আমদানির বিষয়ে ভুয়া দলিল দাখিল করেছে। সেগুলোর মধ্যে ছিল গবাদিপশু আমদানির জন্য অনাপত্তিপত্র (এনওসি), প্রাণিসম্পদ অধিদপ্তরের কোয়ারেন্টাইন ইউনিটের চিঠি এবং যুক্তরাষ্ট্র থেকে গরু আমদানির অনুমতিপত্র। এই সব অভিযোগের ভিত্তিতে ইমরান হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তার বিরুদ্ধে তদন্ত শেষে সিআইডি তাকে গ্রেপ্তার করে।











