৪৪ বছর পর ফিরে এলো ‘এই মন তোমাকে দিলাম’, সাবিনার কণ্ঠে মুগ্ধ নেটদুনিয়া

অনলাইন ডেস্ক:

চার দশকের বেশি সময় পর নতুন রূপে ফিরে এসে আবারও সংগীতপ্রেমীদের মন জয় করল ‘এই মন তোমাকে দিলাম’। কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া এই কালজয়ী গানটি এবার শোনা যাচ্ছে ‘দম’ সিনেমায়, আর মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় তৈরি হয়েছে ব্যাপক সাড়া।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ওটিটি প্ল্যাটফর্ম চরকির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গানটি। মুক্তির পরপরই দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। মাত্র একদিনেই গানটি প্রায় ১ লাখ ৯৩ হাজারের বেশি ভিউ অর্জন করেছে, যা এর জনপ্রিয়তার প্রমাণ দিচ্ছে।

 

মূলত ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘মানসী’ সিনেমার এই গানটি নতুনভাবে সংগীতায়োজন করা হয়েছে ‘দম’ সিনেমার জন্য। নতুন সংস্করণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে ডুয়েটে কণ্ঠ দিয়েছেন মোমিন ইসলাম। সংগীতায়োজনে ছিলেন আরাফাত মহসিন, যা গানটিতে আধুনিকতার ছোঁয়া যোগ করেছে।

 

গানটির ভিডিওতেও রয়েছে চমক। এতে দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও পূজা চেরীকে, যেখানে তাদের বিয়ের দৃশ্য তুলে ধরা হয়েছে। এই দৃশ্য দর্শকদের কাছে বাড়তি আবেগ তৈরি করেছে।

 

সামাজিক মাধ্যমে গানটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন ভক্তরা। অনেকেই লিখেছেন, “সাবিনা ইয়াসমিনের কণ্ঠ শুনে পুরনো দিনের কথা মনে পড়ে গেল।” আবার কেউ কেউ বলেছেন, “গানটি আরও দীর্ঘ হলে ভালো লাগত।”

 

রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন এনজিও কর্মীর আফগানিস্তানে বন্দিদশা এবং সেখান থেকে ফিরে আসার সংগ্রামকে ঘিরে।

 

সিনেমাটিতে আফরান নিশো ও পূজা চেরীর পাশাপাশি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, আবুল হায়াত ও ডলি জহুরের মতো গুণী শিল্পীরা।