অনলাইন ডেস্ক:
ঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। জানা যায়, সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে গত রোববার অনুষ্ঠিত বৈঠকে খসড়াটি অনুমোদনের জন্য প্রস্তুত করা হয়েছে। পরবর্তী ধাপে এটি ড্যাপ-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে পাঠানো হবে চূড়ান্ত অনুমোদনের জন্য। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। রোববারের বৈঠকে ঢাকা ইমারত বিধিমালা- ২০২৫ এবং ড্যাপ (২০২২-২০৩৫)- এর কিছু সংশোধনী নিয়ে আলোচনা হয়। বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স ও আর্কিটেক্টসের সভাপতি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সহ-সভাপতি, গণপূর্ত অধিদপ্তর ও সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ড্যাপ ও ইমারত বিধিমালা সংশোধনের জন্য উপদেষ্টা পর্যায়ে তিনটি, সচিব পর্যায়ে চারটি, মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির ১০টি এবং রাজউকে অংশীজনদের সঙ্গে ২০টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে নানা প্রস্তাব ও মতামতের ভিত্তিতে খসড়ায় ঐক্যমত্যে পৌঁছানো হয়। বৈঠকে বিদ্যমান রাস্তার ভিত্তিতে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর), এলাকাভিত্তিক এফএআর ও জনঘনত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রামীণ এলাকার মোট ১৬টি জনঘনত্ব ব্লকের এফএআর সামান্য সমন্বয় করা হয়েছে। কেন্দ্রীয় ও নগর এলাকার এফএআর আগের মতো বহাল থাকবে।
এ ছাড়া ২০১১ সালের বিবিএস হাউজহোল্ড সাইজ বিবেচনায় আবাসন ইউনিট নির্ধারণের সিদ্ধান্ত হয়। ড্যাপ (২০২২-২০৩৫) এর নীতিমালায় প্রতি পাঁচ বছর অন্তর আপডেটের বিধান থাকায় আগামী এক বছরের মধ্যে একটি কারিগরি কমিটি গঠন করে পরিকল্পনার উন্নয়ন ও আপগ্রেডেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি ঢাকার বাসযোগ্যতা বাড়াতে রাজউককে নীতি ও প্রযুক্তিগত পরামর্শ দেবে। এ বিষয়ে রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বৈঠকে ড্যাপ সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। এখন ড্যাপ-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে পাঠানো হবে চূড়ান্ত অনুমোদনের জন্য। চূড়ান্ত অনুমোদন পেতে কত সময় লাগতে পারে— এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেহেতু বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার সভাপতিত্বে সংশ্লিষ্ট সবাই অনুমোদন দিয়েছে, তাই আশা করা যায় ড্যাপ-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদনসহ সব মিলিয়ে আগামী এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা যাবে।










