অনলাইন ডেস্ক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাতির সময় নিজের ছোড়া হাতবোমায় এক ডাকাত নিহত হয়েছে। এসময় এলাকাবাসীর পিটুনিতে আহত হয়েছে আরও দুইজন। গতকাল শনিবার সকালে উপজেলার কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ডাকাতরা নৌপথে এসে কলাগাছিয়া বাজারের বাড়িগুলোতে ডাকাতির চেষ্টা চালায়। টের পেয়ে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া দেয়। এসময় এক ডাকাত হাতবোমা ছুঁড়লে সেই বিস্ফোরণে ওই ডাকাতের হাত উড়ে যায়।

আহত অবস্থায় তিনি নদীতে পড়লে পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপর দুই ডাকাতকে এলাকাবাসী পিটুনি দেয়। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রকিবুল হোসেন বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।