অনলাইন ডেস্ক:
বৈধ ভিসা থাকা সত্ত্বেও পাকিস্তানের তুর্কমেনিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূত কে কে ওয়াগানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাকে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে, যা কূটনৈতিক মহলে বিরল ও অস্বাভাবিক ঘটনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ রাষ্ট্রদূত ওয়াগানকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তাকে ফেরত পাঠানোর পেছনে ভিসা সংক্রান্ত সমস্যা দায়ী বলে জানানো হয়। তবে, মার্কিন কর্তৃপক্ষ কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছে, তা স্পষ্ট নয়। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ জানিয়েছে, ওয়াগানের ভিসা সংক্রান্ত কিছু বিতর্কিত তথ্য চিহ্নিত হওয়ার পর তাকে ফেরত পাঠানো হয়েছে।
ওয়াগান বৈধ মার্কিন ভিসা ও সব প্রয়োজনীয় ভ্রমণ নথি থাকা সত্ত্বেও গত সোমবার ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় এবং পরে ফেরত পাঠানো হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করছে এবং কূটনৈতিক প্রটোকল নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা লস অ্যাঞ্জেলেস কনস্যুলেটকে তদন্তের নির্দেশ দিয়েছে। শীর্ষ কূটনৈতিক নেতৃত্ব ইতোমধ্যে এ বিষয়ে অবহিত হয়েছে এবং ওয়াগানকে ইসলামাবাদে ফিরিয়ে এনে তার অবস্থান ব্যাখ্যা করতে বলা হতে পারে।
কে কে ওয়াগান পাকিস্তানের একজন অভিজ্ঞ কূটনীতিক। তিনি নেপাল, লস অ্যাঞ্জেলেস, ওমান, নাইজার এবং ইসলামাবাদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সূত্র: জিও নিউজ











