নিজস্ব প্রতিবেদক :
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত আল আমিন নামের বাংলাদেশি যুবকের মরদেহ ভারত ফেরত দিয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার পর তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে তার লাশটি ফেরত দেওয়া হয়। ভারতের জলপাইগুঁড়ি জেলার কোতোয়ালি থানার পুলিশ এবং বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। রাতেই পুলিশ মরদেহটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, আল আমিনের মরদেহ ফেরত আনতে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এবং একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিএসএফ মরদেহ ফেরত দিয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার এসআই নরেশ চন্দ্র দাস জানান, “আমরা তাৎক্ষণিকভাবে আল আমিনের বড় ভাই মোস্তফা কামালের কাছে তার মরদেহ হস্তান্তর করেছি।”
সরেজমিনে রাতেই আল আমিনের বাড়িতে গিয়ে দেখা গেছে, তার মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়-স্বজন এবং গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েছেন। লাশ আসার খবর পেয়ে শত শত উৎসুক জনতা তার বাড়িতে ভিড় জমায়।
প্রসঙ্গত, ৮ মার্চ বিএসএফের গুলিতে নিহত হন আল আমিন। তার বাড়ি জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের সুরুজ আলীর ছেলে।











