নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আকরাম শেখ (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার নড়াগাতি থানার চর-জয়নগর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম। নিহত আকরাম শেখ চর শুকতাইল গ্রামের হেকমত শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আনসার জমাদ্দার গ্রুপ ও হেকমত শেখ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সন্ধ্যায় আকরাম স্থানীয় তফসিরের চায়ের দোকানে গেলে আনসার জমাদ্দার গ্রুপের ১৫-২০ জন সদস্য তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকরামকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াগাতি থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করেছে।