ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সশস্ত্র বাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন

প্রকাশিত: 13 March 2025, 1:38 am আপডেট: 13 March 2025, 3:04 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন আদেশ অনুযায়ী, আগামী ১৫ মার্চ থেকে পরবর্তী ৬০ দিন সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এছাড়া, কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে প্রেষণে থাকা সমপর্যায়ের কর্মকর্তারাও এ ক্ষমতা পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারা অনুযায়ী, অপরাধ আমলে নেওয়া, তদন্ত পরিচালনা ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষমতা থাকবে এই কর্মকর্তাদের হাতে।

এর আগে, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের জেরে দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত বছরের ১৯ জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে। পরে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হলে ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এখনো সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়, যা পরবর্তীতে একাধিকবার দুই মাস করে বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন