ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঘূর্ণিঝড়ে ৩২ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে পরিণত বহু এলাকা

প্রকাশিত: 16 March 2025, 2:59 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। প্রবল ঝড়ে স্কুলসহ বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে, বেশ কয়েকটি রাজ্যে সেমিট্রাক্টর-ট্রেইলার উল্টে পড়েছে। স্থানীয় সময় শনিবার গভীর রাতে আরও একটি তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

শুক্রবার কানসাসের শেরম্যান কাউন্টিতে ধুলোঝড়ের কারণে ৫০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং আটজনের মৃত্যু হয়। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কানসাস হাইওয়ে পেট্রোল।

মিসিসিপির গভর্নর টেট রিভস জানান, তিনটি কাউন্টিতে ছয়জনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, পুরো রাজ্যে ২৯ জন আহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল।

মিসৌরি রাজ্যে ভয়াবহভাবে আঘাত হানা এই ঝড়ে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। রাতভর চলা প্রবল ঝড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন ছিলেন, যার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ডাকোটা হেন্ডারসন নামে এক ব্যক্তি জানান, শুক্রবার রাতে তিনি ও অন্যরা আটকে পড়া মানুষকে উদ্ধারের সময় মিসৌরির ওয়েইন কাউন্টিতে তার খালার বাড়ির বাইরে ধ্বংসস্তূপের মধ্যে পাঁচটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, “গত রাতটি খুবই কঠিন ছিল। যা ঘটেছে, তা সত্যিই উদ্বেগজনক। ঝড়ের তাণ্ডবে গাছপালা উপড়ে ঘরবাড়ির ওপর পড়ে গেছে।”

আরকানসাসেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের কারণে ইন্ডিপেন্ডেন্স কাউন্টিতে তিনজন নিহত হয়েছেন এবং আটটি কাউন্টিতে অন্তত ২৯ জন আহত হয়েছেন। গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স জানিয়েছেন, “গত রাতের ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আমাদের দল কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্ধারকর্মীরা মাঠে রয়েছে।”

এদিকে, টেক্সাস প্যানহ্যান্ডেলের আমারিলোতে ধুলোঝড়ের সময় গাড়ি দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।

ঝড়ের ভয়াবহতা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়ে আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স ও জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প নিজ নিজ রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কেম্প জানিয়েছেন, শনিবারের শেষের দিকে আরও খারাপ আবহাওয়ার পূর্বাভাস থাকায় আগেভাগে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং প্রশাসন ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মন্তব্য করুন