গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০০

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। গত তিন দিনে ইসরায়েলি হামলায় প্রায় ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, এর মধ্যে সাম্প্রতিক হামলায় ৮৫ জন নিহত এবং ১৩৩ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০ মার্চ বৃহস্পতিবার ভোর থেকে গাজায় শুরু হওয়া হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার উপর ইসরায়েলের হামলার ফলে এখন পর্যন্ত ৪৯,৬১৭ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১ লাখ ১২,৯৫০ জন আহত হয়েছেন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

আল জাজিরা জানিয়েছে, ১৮ মার্চ গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলের হামলায় ৫৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিহত এবং আহতের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, দক্ষিণ গাজার রাফা এলাকায় তাদের স্থল আক্রমণ চলছে এবং সৈন্যরা বেইত লাহিয়া শহর ও উত্তর দিকে কেন্দ্রীয় এলাকায় অগ্রসর হচ্ছে। ইসরায়েল বলছে, গাজা উপত্যকায় পুনরায় স্থল অভিযান শুরু করার লক্ষ্যে ১৯ মার্চ, বুধবার, উত্তর-দক্ষিণ প্রধান পথটি বন্ধ করে দিয়েছে তাদের সৈন্যরা।