নাইজারে মসজিদে হামলায় অন্তত ৪৪ জন নিহত

অনলাইন ডেস্ক:

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে জঙ্গিগোষ্ঠী হামলা চালিয়ে অন্তত ৪৪ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। শুক্রবারের এই হামলায় আরও ১৩ জন গুরুতর আহত হয়েছেন। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা স্থানীয় জঙ্গিগোষ্ঠী ইআইজিএস (Islamic State in the Greater Sahara) চালিয়েছে, যারা আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী।

ঘটনাটি ঘটে নাইজারের কোকোরো শহরের ফোমিতা গ্রামে, যেখানে স্থানীয় মুসলমানরা রমজান মাসে নামাজ পড়তে মসজিদে জড়ো হয়েছিল। হামলাকারীরা মসজিদ ঘিরে রেখে সেখানে ‘বিরল নিষ্ঠুর গণহত্যা’ চালায়। হামলার পর জঙ্গিরা গ্রামটি ছাড়ার সময় স্থানীয় বাজার ও কিছু বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে মোতায়েন সৈন্যরা ৪৪ জনের মৃত্যু এবং ১৩ জনের গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে নাইজার সরকার।

২০১২ সালে মালিতে ইসলামপন্থি বিদ্রোহীরা দেশটির উত্তরাঞ্চলে একাধিক অঞ্চল দখল করে নেয়, যার পর থেকে পশ্চিম আফ্রিকার এই অঞ্চলে বিভিন্ন সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর সহিংসতা তীব্রতর হয়েছে। নাইজারে হামলা চালানো জঙ্গিগোষ্ঠী প্রায়ই সেনাবাহিনী, পুলিশ তল্লাশি চৌকি এবং গ্রামে হামলা চালায়। জঙ্গিগোষ্ঠীগুলোর এসব হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

স্থানীয় সৈন্যদের সহায়তার জন্য পশ্চিমা দেশগুলো এই অঞ্চলে সৈন্য মোতায়েন করেছে। নাইজারও তাদের যুদ্ধের মিত্র হিসেবে পশ্চিমা দেশগুলোকে সহায়তা প্রদান করছে, তবে জঙ্গি হামলা এখনও অব্যাহত রয়েছে।