জেলা প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সানিয়াজান নদীর ওপর ২০০ ফুট দীর্ঘ একটি অভিনব ভাসমান ড্রাম সেতু নির্মিত হয়েছে, যা প্রায় ২০ হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়েছে এবং তাদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। স্থানীয়দের সহায়তায় প্রায় তিন লাখ টাকা ব্যয়ে প্লাস্টিকের ড্রাম, বাঁশ, দড়ি ও লোহার উপকরণ দিয়ে নির্মিত এ সেতুটি গত ৩ মার্চ বাউরা ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. শামসুল আলম উদ্বোধন করেন।
উদ্বোধনের পর থেকে তিন গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীরা সহজে যাতায়াত করছেন, যা এলাকায় ঈদের আনন্দ ছড়িয়েছে। সেতুটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। ডা. শামসুল আলম জানান, নদীতে সেতুর অভাবে প্রতি বছর হাজারো মানুষ কষ্ট পেতেন, তাই বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা আরাফাত হোসেন বলেন, বন্যায় মানুষের দুর্ভোগ বাড়ত, কিন্তু এবার এ সেতু তাদের স্বস্তি দিয়েছে। আরেক বাসিন্দা আজিজুল ইসলাম জানান, বন্যার পানি বাড়লেও ড্রামগুলো ভেসে উঠবে, তাই চলাচলে সমস্যা হবে না। স্থানীয় শিক্ষার্থী সাহিন বলেন, এখন স্কুলে যাওয়া অনেক সহজ হয়েছে, আগের মতো ভিজে যেতে হয় না। তবে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, নতুন যোগদানের কারণে তিনি এ সেতু সম্পর্কে অবগত নন, তবে বিষয়টি খতিয়ে দেখবেন।










