আবারো গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ২৫, আহত ৮৯

অনলাইন ডেস্ক:

ইসরায়েলের অব্যাহত হামলায় আবারও রক্তাক্ত হলো গাজা। বুধবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় ভোর থেকে শুরু হওয়া একাধিক হামলায় উপত্যকাটিতে অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮৯ জন। তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল জানান, শুধু বুধবার সকাল থেকেই ১৯ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে উত্তর গাজার আল-তুফফাহ এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় প্রাণ গেছে ১০ জনের, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

জাবালিয়ায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন তিন ফিলিস্তিনি, আহত হন পাঁচজন। একইদিন খান ইউনিসে ড্রোন হামলায় নিহত হয়েছেন দুই শিশুসহ আরও পাঁচজন। এছাড়া, মধ্য গাজার এক ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে এক ফিলিস্তিনি নিহত হন বিমান হামলায়।

ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র জানায়, বুধবার দিনভর বেইত হানুন, বেইত লাহিয়া ও পূর্ব গাজা এলাকায় অবিরাম বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।

এদিকে, হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড দাবি করেছে, তারা গাজার আল-ওয়াফা হাসপাতালের কাছে ইসরায়েলের তিনটি ‘মারকাভা ৪’ ট্যাংকে হামলা চালিয়েছে। তবে বিষয়টি নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি।

এক পৃথক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে পুনরায় হামলা শুরুর পর থেকে তারা হামাসের ১১ জন উচ্চপদস্থ নেতাকে হত্যা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলা পর্বে এ পর্যন্ত ১,৬৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মোট প্রাণহানির সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু।

গাজা শহর ইতোমধ্যে পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। মানবিক বিপর্যয় আরও গভীরতর হচ্ছে প্রতিদিনই।