জেলা প্রতিনিধি :
ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ ও ডাল ভেঙে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যার দিকে জেলার ঘাগড়া ইউনিয়নের বাড়েরা ও মরাকুড়ি এলাকায় পৃথকভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বাড়েরা এলাকার আব্দুল মজিদের ছেলে সজিব (২০) এবং মরাকুড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে সুরুজ মিয়া (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ঝড় শুরু হলে সজিব বাড়েরা এলাকায় একটি গাছের নিচে আশ্রয় নেন। এ সময় সেই গাছটি ভেঙে পড়ে তার ওপর, এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, সুরুজ মিয়া মরাকুড়ি এলাকায় নিজ বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। ঝড়ের সময় গাছের একটি ভারী ডাল তার মাথার ওপর পড়ে, গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”











