মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা ছাড়া বঙ্গোপসাগরের সম্ভাবনা উন্মোচন সম্ভব নয়: তৌহিদ

নিজস্ব প্রতিবেদক:

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বঙ্গোপসাগরের সম্ভাবনা উন্মোচন করতে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, গৃহযুদ্ধ-জর্জরিত প্রতিবেশী দেশ মিয়ানমারে সম্প্রীতি প্রতিষ্ঠা ও রাখাইন রাজ্যে টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন অপরিহার্য। রবিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এ ‘রিকানেক্টিং দ্য বে অব বেঙ্গল রিজিয়ন: এক্সপ্লোরিং দ্য কনভারজেন্স অব ইন্টারেস্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘‘যতক্ষণ পর্যন্ত মিয়ানমারে অবস্থানরত রোহিঙ্গারা নিরাপত্তা ও অধিকার নিয়ে তাদের বাড়িতে ফিরে যেতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মিয়ানমার ও এই অঞ্চলে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে না।’’ তিনি আরও বলেন, ‘‘বঙ্গোপসাগরের সম্ভাবনা কাজে লাগাতে মিয়ানমারসহ সমুদ্র উপকূলীয় রাজ্যগুলোতে শান্তি ও সম্প্রীতি অপরিহার্য।’’

বর্তমানে মিয়ানমারে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘‘গত সাত বছরে চরম নৃশংসতার শিকার হয়ে রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘তাদের প্রত্যাবাসনে কোনো অগ্রগতি হয়নি এবং একটি অ-রাষ্ট্রীয় পক্ষ, আরাকান আর্মি, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।’’

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ব্যাংককে মিয়ানমার পরিস্থিতি নিয়ে তার সাম্প্রতিক আলোচনার কথা উল্লেখ করে তৌহিদ বলেন, ‘‘তিনি মিয়ানমারকে সতর্ক করেছেন যে, রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন ছাড়া সেখানে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না।’’ গত বৃহস্পতিবার ওই আলোচনায় মিয়ানমার, লাওস, চীন ও ভারতের পররাষ্ট্র মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা মিয়ানমার ও আঞ্চলিক শক্তির দায়িত্ব।’’

বাংলাদেশে জাপান দূতাবাসের পৃষ্ঠপোষকতায় বিআইআইএসএস এবং ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিস (আইডিই-জেট্রো) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিআইআইএসএস-এর চেয়ারম্যান রাষ্ট্রদূত গাউসুল আজম সরকারের সভাপতিত্বে এবং মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিসের স্বাগত বক্তব্যে সেমিনারের উদ্বোধন হয়।