নিজস্ব প্রতিবেদক:
মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযুক্ত অপর তিনজন— শিশুটির বোনের স্বামী, তার ভাই ও তাদের মা—-কে খালাস দেওয়া হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। আদালত জানায়, মামলায় ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সাতটি আলামত জব্দ করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ১ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় শিশু আছিয়া। ৬ মার্চ বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় সেদিন দুপুরে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে ১৩ মার্চ সেখানে শিশুটি মারা যায়।
এ ঘটনায় নিহত শিশুটির মা ৮ মার্চ চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন, যা দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরবর্তীতে, ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৭ এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয় এবং ২০ এপ্রিল অভিযোগপত্র গৃহীত হয়। উল্লেখ্য, গত ১৫ মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে হিটু শেখ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।











