স্মার্টফোনে ভালো ছবি তুলতে জানতে হবে কিছু কৌশল

অনলাইন ডেস্ক:

আলো, ফ্রেম, জুম—সব কিছুতেই চাই সচেতনতাবর্তমানে প্রায় সব স্মার্টফোনেই উচ্চমানের ক্যামেরা থাকে। কিন্তু ভালো ক্যামেরা থাকলেই যে ভালো ছবি উঠবে—তা সবসময় ঠিক নয়। প্রয়োজন কিছু অতিরিক্ত কৌশল ও সচেতনতা। বিশেষজ্ঞরা বলছেন, ক্যামেরার দক্ষতা যতই হোক, ছবি তোলার সময় আলো, ফ্রেমিং, লেন্স পরিচ্ছন্নতা এবং জুম ব্যবহারে সচেতন না হলে কাঙ্ক্ষিত মানের ছবি পাওয়া কঠিন।

চলুন জেনে নেওয়া যাক, স্মার্টফোন দিয়ে আকর্ষণীয় ছবি তুলতে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি—ছবি তুলতে চাইলে প্রাকৃতিক আলোই সবচেয়ে উপযোগী। কারণ প্রাকৃতিক আলোয় তোলা ছবিগুলো বেশি প্রাণবন্ত এবং উজ্জ্বল হয়। সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময়কার ‘গোল্ডেন আওয়ার’-এ ছবি তুললে ফটোগ্রাফির মান কয়েকগুণ বেড়ে যায়। কম আলোতে ছবি তুলতে হলে ফ্ল্যাশ ব্যবহার করা যেতে পারে, তবে খেয়াল রাখতে হবে যেন সেটি চোখ ধাঁধানো না হয়।

স্মার্টফোনে ডিজিটাল জুম অনেক সময় ছবির গুণমান কমিয়ে দেয়। তাই দূরের কোনো বস্তুর ছবি তুলতে চাইলে জুম না করে বরং কাছ থেকে ছবি তোলার চেষ্টা করুন। এতে ছবি হবে আরও পরিষ্কার ও ডিটেইলস সমৃদ্ধ।

অনেক স্মার্টফোনেই আইএসও, এক্সপোজার ও ফোকাস ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করার সুবিধা রয়েছে। আলোর অবস্থা ও বিষয়বস্তুর ওপর ভিত্তি করে এই সেটিংসগুলো সঠিকভাবে সমন্বয় করলে ছবির রঙ, গভীরতা ও ফোকাস অনেক উন্নত হয়।

ছবি তুলতে যাওয়ার আগে লেন্স পরিষ্কার করা একটি গুরুত্বপূর্ণ ধাপ। ধুলাবালি বা আঙুলের ছোঁয়া লেন্সে থাকলে ছবিতে ঝাপসাভাব চলে আসতে পারে। তাই নরম কাপড় বা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে নিয়মিত লেন্স মুছে নেওয়া উচিত।

ছবির ফ্রেমিং একঘেয়ে না করে এতে ভিন্নতা আনুন। বিষয়বস্তুকে একাধিক অ্যাঙ্গেল বা কোণ থেকে তুলুন। এতে ছবিতে গতি ও ভিন্নমাত্রা যোগ হয়। এছাড়া বর্তমানে অনেক স্মার্টফোনেই রয়েছে আল্ট্রা-ওয়াইড, ম্যাক্রো বা পোর্ট্রেট সেন্সর—এসবের সাহায্যেও ছবিতে ভিন্নতা আনা সম্ভব।