অনলাইন ডেস্ক:
বাংলাদেশকে ৪১ রানে পরাজিত করে এসিসি অনূর্ধ্ব-১৯ প্রমীলা এশিয়া কাপের শিরোপা অর্জন করেছে ভারতের মেয়েরা। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ফাইনালে ভারত নির্ধারিত ২০ ওভারে ১১৭ রান করে। জবাবে, ১১৮ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৭৬ রানেই থেমে যায়।
বাংলাদেশ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভারতের পক্ষে সর্বোচ্চ রান আসে গঙ্গাদি তৃষার ব্যাট থেকে। তিনি ৪৭ বল খেলে ৫২ রান করেন, যেখানে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। অন্যদিকে, মিথিলা বিনোদ ১২ বল খেলে ১৭ রান, অধিনায়ক নিকি প্রসাদ ২১ বল খেলে ১২ রান, এবং আয়ুশি শুকলা ১৩ বল খেলে ১০ রান করেন। ভারতের ইনিংসে অতিরিক্ত খাতে ১০ রান আসে।
বাংলাদেশের বোলিংয়ে ফারজানা ইয়াসমিন চারতি ২টি, নিশিতা আক্তার নিশি ২টি এবং হাবিবা ইসলাম ১টি উইকেট শিকার করেন।
১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল শক্তিশালী। কিন্তু মোসাম্মৎ ইভা দ্রুত আউট হয়ে গেলে চাপ বাড়ে। এরপর ফাহমিদা ছোঁয়া ২৪ বল খেলে ১৮ রান করে বিদায় নেন। জুয়াইরিয়া ফেরদৌস একাই প্রতিরোধ গড়তে চেষ্টা করেন, ৩০ বল খেলে ২২ রান করেন তিনি। কিন্তু তার পরের ব্যাটাররা কেউই রানের বহর বাড়াতে পারেননি। ১০ ব্যাটারের মধ্যে ৮ জনই দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হন। অবশেষে ১৮.৩ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।











