অনলাইন ডেস্ক:
ব্রিটেনে কয়েকজন ইরানি নাগরিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তারের পর তেহরান ব্রিটিশ দূতাবাসের কূটনীতিককে তলব করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, গত রোববার তেহরানে ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয় এবং এই গ্রেপ্তারকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে উল্লেখ করা হয়।
শনিবার, লন্ডনের আদালতে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ইরানি নাগরিককে হাজির করা হয়। তারা হলেন মোস্তাফা সেপাহভান্দ (৩৯), ফারহাদ জাওয়াদি মানেশ (৪৪) এবং শাপুর ক্বালেহালি খানি নূরি (৫৫)। তারা সবাই লন্ডনে বসবাস করতেন এবং গত ৩ মে গ্রেপ্তার হন। ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই তিন ইরানি ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে ছোট নৌকা অথবা গাড়িতে লুকিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এই গুপ্তচরবৃত্তির কার্যক্রম ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলছিল। তদন্তের অংশ হিসেবে গত ৯ মে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, তবে পরে কোন অভিযোগ না এনে তাকে মুক্তি দেওয়া হয়।
এছাড়া, ভিন্ন এক মামলায় ৩ মে আরও পাঁচ ইরানিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে চারজনকে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে আটক রাখা হয়েছিল, তবে পরে মুক্তি দেওয়া হয়। পুলিশের মতে, তদন্ত এখনও চলমান রয়েছে। পঞ্চম ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হলেও চলতি মাসের যেকোনো সময় তাকে আদালতে হাজির হতে হবে।











