অনলাইন ডেস্ক:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পর, ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং মেক আমেরিকা গ্রেট এগেইন (মেগা) প্রচারণার মুখ লরা লুমার একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, বাইডেন ‘টার্মিনাল ক্যানসারে’ আক্রান্ত এবং ‘তিনি আগামী দুই মাসের মধ্যে মারা যেতে পারেন।’
লুমার তার একাধিক এক্স পোস্টে বলেছেন, “গত জুলাইয়ে আমি বলেছিলাম, বাইডেন টার্মিনাল ক্যানসারে আক্রান্ত। এখন তা প্রমাণিত হচ্ছে।” তিনি আরও দাবি করেছেন, “বাইডেন যখন মারা যাবেন, তখনও প্রমাণ হবে আমি সঠিক ছিলাম। অনেকেই আমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে।”
এছাড়া, লুমার ২০২৪ সালের জুলাইয়ে দেওয়া একটি পুরোনো পোস্টও শেয়ার করেছেন, যেখানে তিনি দাবি করেছিলেন, “বাইডেন মারা যাচ্ছেন।” ওই পোস্টে তিনি উল্লেখ করেন, “জো বাইডেনের ভাই ফ্র্যাঙ্ক বাইডেন একসময় ভুলবশত মুখ ফসকে বলেছিলেন, প্রেসিডেন্ট টার্মিনাল ক্যানসারে ভুগছেন। এখন সেটাই সত্যি প্রমাণিত হচ্ছে।”
লুমার অভিযোগ করেছেন, হোয়াইট হাউস বাইডেনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য গোপন করেছে এবং তিনি হোয়াইট হাউসের চিকিৎসকদের বিরুদ্ধে রেকর্ড জালিয়াতির অভিযোগ তোলেন। তার দাবি, “বাইডেনের সঙ্গে চিকিৎসকদের একাধিক মধ্যরাতের গোপন বৈঠকের প্রমাণ রয়েছে। লগ চেক করলেই সেগুলো মিলবে।”
এছাড়া, ২০২২ সালের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে বাইডেন বলেছিলেন, “আমার ক্যানসার আছে।” যদিও সে সময় হোয়াইট হাউস জানিয়েছিল, বাইডেন অতীতে হওয়া ত্বকের ক্যানসারের কথা বলছিলেন, যা প্রেসিডেন্ট হওয়ার আগেই অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছিল।
লুমার এই ঘটনাকে ‘হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, বাইডেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় পুরো সময় ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন, তবে প্রশাসন তা গোপন রেখেছিল। তিনি আরও বলেন, “সবাই বলছে তারা চায় বাইডেন সুস্থ হয়ে উঠুন, কিন্তু বাস্তবতা হলো, তিনি আর সুস্থ হবেন না। আমাদের উচিত এখন বাস্তবতা মেনে নিয়ে এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা।”











