আবারও গ্রেপ্তার সংগীতশিল্পী নোবেল
নিজস্ব প্রতিবেদক:
আলোচিত ও সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
নোবেল ব্যক্তিগত জীবনে বিতর্কিত কর্মকাণ্ড ও আচরণের জন্য আগেও একাধিকবার সংবাদের শিরোনামে এসেছেন। ২০১৯ সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনায় আসলেও, মাদকাসক্তি ত্যাগ না করায় সে সংসার বেশিদিন টেকেনি। পরে ২০২৩ সালের শেষ দিকে তার নতুন বিয়ের খবর আবারও চাঞ্চল্য তৈরি করে।
তবে এটাই প্রথম নয়— দুই বছর আগেও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। একটি অনুষ্ঠানে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়ে অগ্রিম টাকা নেওয়ার পর উপস্থিত না হওয়ায়, ২০২৩ সালে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।
নতুন করে গ্রেপ্তারের পেছনে কি কারণ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানায়নি পুলিশ। তবে পুরোনো মামলাগুলোর অগ্রগতি বা নতুন কোনো অভিযোগের ভিত্তিতেই হয়তো তাকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এক সময় জনপ্রিয়তা পাওয়া নোবেল এখন বিতর্ক আর আইনি জটিলতার মধ্যেই বেশি আলোচিত। তার আচরণ, বিয়ে, মাদকসংক্রান্ত অভিযোগ এবং পেশাগত দায়িত্বহীনতার কারণে অনেকেই তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছেন।
বর্তমানে নোবেলকে থানা হেফাজতে রাখা হয়েছে, পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে জানাবে বলে জানানো হয়েছে।
