অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের গ্রিন বে শহরে অবস্থিত সেন্ট ভিনসেন্ট হাসপাতালে একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন ১৪ জন নার্স। এ ঘটনা শুধু হাসপাতাল নয়, গোটা স্বাস্থ্যসেবাক্ষেত্রেই এক অভূতপূর্ব নজির হয়ে উঠেছে। তাদের প্রত্যেকের সন্তান জন্মদানের সম্ভাব্য সময়ও কাছাকাছি হওয়ায় বিষয়টি আরও বিস্ময় জাগিয়েছে।
রোববার (১১ মে) হাসপাতাল কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। নার্সিং পেশায় নিয়োজিত এ নারীরা প্রতিদিন নবজাতকের জন্ম ও পরিচর্যায় ব্যস্ত থাকেন। এবার তারাই নিজেদের জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন।
নারী ও শিশু বিভাগের পরিচালক অ্যামি বার্ডন বলেন, “এটা আমাদের জন্য অত্যন্ত আবেগঘন সময়। আমাদের অনেক সহকর্মী এবারই প্রথমবারের মতো মা হচ্ছেন। আমরা সবাই একে অপরকে উৎসাহ ও সমর্থন দিচ্ছি।”
একদিকে আনন্দ, অন্যদিকে রয়েছে কিছু বাস্তবিক দুশ্চিন্তাও। কারণ একই বিভাগে এতজন নার্স একসঙ্গে মাতৃত্বকালীন ছুটিতে গেলে কর্মপরিকল্পনায় প্রভাব পড়তে পারে। তবে এখন পর্যন্ত সবাই পেশাদারিত্ব বজায় রেখে তাদের দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।
এই ১৪ নার্সের একজন অ্যাশলিন শর্ট, যিনি ২০১৩ সাল থেকে সেন্ট ভিনসেন্ট হাসপাতালে কর্মরত। এবছর আগস্টে তিনি তার পঞ্চম সন্তানের জন্ম দেবেন। ইতোমধ্যেই তার ঘরে রয়েছে চারটি সন্তান—যাদের বয়স যথাক্রমে ২, ৪, ৭ ও ৯ বছর।
অ্যাশলিন বলেন, “এতোজন নার্স একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ায় আমরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিতে পারছি। এই যাত্রা একা নয়, পরিবারসুলভ পরিবেশে মিলেমিশে চলছে—এটা সত্যিই অসাধারণ।”
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনাটি যেন একটি পরিপূর্ণ বৃত্ত। যারা প্রতিদিন নতুন প্রাণের জন্মের সাক্ষী থাকেন, এবার তারাই নিজেদের জীবনে সেই অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন। এটি শুধুই একটি ব্যক্তিগত ঘটনা নয়—বরং মানবিক সংবেদনশীলতা, কর্মস্থলের বন্ধন এবং নার্সদের সহানুভূতির এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
বিশ্বজুড়ে ইতোমধ্যে এই ঘটনা আলোড়ন তুলেছে। একই প্রতিষ্ঠানে এত নার্সের একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়া একদিকে যেমন বিরল, তেমনি তা এক মানবিক গল্পও, যা বারবার মনে করিয়ে দেয়—সেবাদানের পেশার পেছনে যে মানুষগুলো থাকেন, তাদের জীবনেও রয়েছে হাসি, আনন্দ আর আশা ভরা গল্প।











