নির্বাচিত সরকারের মাধ্যমেই জাতীয় সিদ্ধান্ত হওয়া উচিত: সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক:
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল একটি নির্বাচিত সরকারেরই থাকা উচিত এবং জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।
মঙ্গলবার (২১ মে) ঢাকার সেনানিবাসে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান তার বক্তব্যে নির্বাচন, মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর, চট্টগ্রাম বন্দরের পরিচালনা, সংস্কার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
রাখাইন রাজ্যে মানবিক করিডর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ধরনের সিদ্ধান্ত একটি বৈধ নির্বাচিত সরকারের মাধ্যমেই হওয়া উচিত এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।”
চট্টগ্রাম বন্দরের পরিচালনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে জেনারেল ওয়াকার বলেন, “এটি রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত হওয়া উচিত এবং স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে।”
সংস্কার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, “কী সংস্কার হচ্ছে বা কীভাবে হচ্ছে—এসব বিষয়ে তাকে কিছু জানানো হয়নি, তার সঙ্গে কোনো পরামর্শও করা হয়নি।”
সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কর্মকাণ্ডে জড়াবে না, যা জাতীয় স্বার্থ বা সার্বভৌমত্বের পরিপন্থী। সকল সেনা সদস্যকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।”
