নিজস্ব প্রতিবেদক:
‘নীল নবঘনে আষাঢ় গগনে, তিল ঠাঁই আর নাহি রে’— কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই পঙক্তি যেন আজ জীবন্ত হয়ে উঠল রাজধানী ঢাকার আকাশে-বাতাসে।
বৃহস্পতিবার সকালের একটানা বৃষ্টিতে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো জলমগ্ন হয়ে পড়ে। একদিকে তীব্র দাবদাহের শেষে শহরবাসী স্বস্তি পেলেও, অন্যদিকে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট ও ভোগান্তি।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে টানা দুই ঘণ্টা বৃষ্টি হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এ সময় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
জলাবদ্ধতায় রাজধানীর মিরপুর, বসুন্ধরা, বাড্ডা, মগবাজার, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় ধীর হয়ে পড়ে যান চলাচল। রিকশা ও বাস চলতে থাকে ধীরগতিতে, হাঁটাপথে নেমে পড়েন কর্মজীবীরা।
ছাতা, ব্যাগ কিংবা পলিথিন দিয়ে মাথা ঢেকে লোকজনকে গন্তব্যে যেতে দেখা যায়। ফুটপাতের পানি থই থই করে উঠে আসে রাস্তায়, কোথাও কোথাও রিকশার অর্ধেক চাকা ডুবে যায় পানিতে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, বৃষ্টি বৃহস্পতিবার আরও কিছুটা সময় অব্যাহত থাকতে পারে, তবে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।











