উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা দেশের দক্ষিণাঞ্চলে গত দুই দিন ধরে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত রাখছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই লঘুচাপ আরও ঘনীভূত হয়ে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। মৎস্যজীবীদের উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

পটুয়াখালির আকাশ মেঘাচ্ছন্ন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত চলছে। নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বঙ্গোপসাগর উত্তাল হয়েছে। ঢাকাসহ দেশের সব বিভাগে অন্তত পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আগামী তিন দিনে দেশের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, উপকূলীয় এলাকার জনগণ ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে সতর্ক থাকবেন।