শ্রীপুরে শ্রমিক আত্মহত্যা ঘিরে সংঘর্ষ: গুলিবর্ষণ ও টিয়ারসেল, আহত অর্ধশতাধিক

জেলা প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে ডিবিএল গার্মেন্টসের এক শ্রমিকের আত্মহত্যাকে কেন্দ্র করে মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়ে সহকর্মীরা। আন্দোলন ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে এবং তা পুলিশি সহিংসতায় রূপ নেয়। সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক শ্রমিক এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শ্রমিকদের অভিযোগ, নিহত জাকির হোসেন (২৫) জিন্নাত নিটওয়্যার লিমিটেডের কর্মী ছিলেন। তিনি বারবার ছুটি চাইলেও কর্তৃপক্ষ তার আবেদন উপেক্ষা করে। উপরন্তু তাকে অপমান ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। একপর্যায়ে সোমবার (২ জুন) সন্ধ্যায় তিনি গার্মেন্টস ভবনের ছাদ থেকে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা রাত ৯টায় মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার সকালে ঘটনার প্রতিবাদে সহকর্মীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। শ্রমিকদের অভিযোগ, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারসেল ছোঁড়ে। এ সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে পরিণত হয় এবং উভয়পক্ষে আহত হন বহুজন।

শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক সংঘর্ষের বিষয়টি স্বীকার করলেও গুলি বা টিয়ারসেল ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন। তবে গাজীপুর শিল্প পুলিশের সুপার এ কে এম জহিরুল ইসলাম জানিয়েছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারসেল ব্যবহার করতে হয়েছে।”

এ ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আন্দোলন চলমান থাকলেও পুলিশের দাবি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এই ঘটনাকে ঘিরে শ্রমিকদের নিরাপত্তা, কর্মপরিবেশ এবং মানবিক আচরণের প্রশ্ন আবারও সামনে এসেছে।