ঈদে মুক্তি পেল জয়া আহসানের দুই সিনেমা
অনলাইন ডেস্ক:
অনেক বছর পর ঈদ উপলক্ষে একসঙ্গে দুটি সিনেমা নিয়ে পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবারের ঈদটা তাই তার জন্য একটু ভিন্ন রকমের। মুক্তি পেয়েছে রায়হান রাফীর পরিচালনায় অ্যাকশনধর্মী সিনেমা ‘তাণ্ডব’ এবং তানিম নূরের পারিবারিক গল্পনির্ভর ছবি ‘উৎসব’।
‘তাণ্ডব’ সিনেমায় জয়া অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে, তবে তার চরিত্র নিয়ে এখনো রহস্য বজায় রয়েছে। অন্যদিকে ‘উৎসব’ সিনেমায় রয়েছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরীসহ আরও জনপ্রিয় শিল্পীরা।
ঈদের আগের রাতে, চাঁদরাতে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন জয়া আহসান। ছবির ক্যাপশনে শুধু লেখেন: ‘চাঁদরাত’ এবং সঙ্গে একটি চাঁদের ইমোজি।
ঈদের দু’দিন আগে এক সংবাদ সম্মেলনে শাকিব খানের সঙ্গে কাজ করা নিয়ে কথা বলেন জয়া। তিনি বলেন, “ও খুব লক্ষ্মী ছেলে।” জয়ার প্রশংসা করে শাকিব খান বলেন, “জয়া আহসানের তুলনা জয়া আহসানই।”
জয়াকে সর্বশেষ দেখা গেছে পিপলু আর খানের পরিচালনায় ‘জয়া ও শারমীন’ সিনেমায়।
