ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

প্রকাশিত: 9 June 2025, 12:48 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

চিকিৎসা শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।

বিমান অবতরণের পর হুইলচেয়ারে করে তাকে নামিয়ে আনা হয়। পরনে ছিল সাধারণ পোশাক—শার্ট ও লুঙ্গি। রাত ১টা ৪৫ মিনিটে তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান এবং রাত পৌনে ৩টায় ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমানবন্দর ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

এর আগে, গত ৮ মে গভীর রাতে চিকিৎসার জন্য থাই এয়ারওয়েজের আরেকটি ফ্লাইটে (টিজি-৩৪০) ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন আবদুল হামিদ।

তবে এই সফর ঘিরে বিতর্কও কম ছিল না। কারণ তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে, যা দায়ের হয় ২০২৪ সালের ১৪ জানুয়ারি। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরের নামও উল্লেখ রয়েছে। দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সেদিন তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়—তারা হলেন ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজহারুল ইসলাম ও এসবির এটিএসআই সোলায়মান।

প্রসঙ্গত, আবদুল হামিদ ২০১৩ সালের মার্চে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। পরে ২৪ এপ্রিল তিনি ২০তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব ছাড়েন। তার স্থলাভিষিক্ত হন মো. সাহাবুদ্দিন।

মন্তব্য করুন