ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

পাহাড়ের গভীরে ইরানের বিশাল সামরিক স্থাপনা নির্মাণ

প্রকাশিত: 26 November 2026, 4:02 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

পাহাড়ের ভেতর বিশাল আয়তনের এক ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ করছে ইরান। দেশটির দুটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনার ঠিক মাঝখানে গড়ে তোলা এই স্থাপনাটির নির্মাণকাজ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, নির্মাণকাজ শেষ হলে এর আয়তন প্রায় ১২ হাজার একর পর্যন্ত বিস্তৃত হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের প্রেক্ষাপটে ইরানের সামরিক ও পরমাণু অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে, ঠিক তখনই নতুন এই স্থাপনার বিষয়টি সামনে এল। যদিও স্থাপনাটির প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে এর নির্মাণশৈলী ও নিরাপত্তাব্যবস্থা দেখে বিশেষজ্ঞদের ধারণা, এটি ক্ষেপণাস্ত্র বা বড় কোনো অস্ত্রব্যবস্থার জন্য তৈরি করা হচ্ছে। এমনকি পারমাণবিক কাজে ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি (আইএসআইএস) বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ভ্যান্টর টেকনোলজিসের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে তারা ইরানের বেহজাতাবাদে এই ভূগর্ভস্থ স্থাপনার অস্তিত্ব নিশ্চিত হয়েছে। স্থাপনাটি ইরানের ইসফাহান ও নাতাঞ্জ পরমাণু স্থাপনার মাঝামাঝি পিকঅ্যাক্স মাউন্টেন এলাকায় অবস্থিত, যা ইসফাহান থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে।

আইএসআইএস-এর পর্যবেক্ষণ অনুযায়ী, যুদ্ধের আগে ও চলাকালে ইরান বেশ কিছু ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করলেও বেহজাতাবাদের নির্মাণকাজের গতি অস্বাভাবিক। ভ্যান্টরের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, স্থাপনাটির চারপাশে নতুন করে নিরাপত্তাবেষ্টনী তৈরির কাজ চলছে। এছাড়া সেখানে প্রশাসনিক ভবন ও প্রবেশপথের জন্য নির্ধারিত এলাকায় ব্যাপক খননকাজ চালানো হয়েছে।

স্যাটেলাইট তথ্যানুযায়ী, ২০২৫ সালের ৭ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে প্রথম এই এলাকায় ভূমি পরিষ্কারের কাজ শুরু হয়। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে নির্মাণ তৎপরতা বৃদ্ধি পায় এবং এপ্রিলে খননকাজ শুরু হয়। জুন মাস নাগাদ স্থাপনাটির বিভিন্ন অংশে নির্মাণকাজ ছড়িয়ে পড়ে। তবে এটি ঠিক কী কাজে ব্যবহৃত হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন