সোনাক্ষী সিনহার জন্মদিনে কঙ্গনাকে কটাক্ষ
অনলাইন ডেস্ক:
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ২ জুন উদযাপন করলেন তাঁর ৩৮তম জন্মদিন। এই বিশেষ দিনে একটি চর্চিত ও বিতর্কিত ইস্যু — বলিউডে স্বজনপ্রীতি — নিয়ে মুখ খুললেন তিনি। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার এবং ইন্ডাস্ট্রির স্বজনপ্রীতির সংস্কৃতি নিয়ে সরাসরি মতামত দিয়েছেন অভিনেত্রী।
সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, “আমার কাছে এটা খুব মজার লাগে যে ‘নেপোটিজম’ শব্দটি এমন একজন প্রবর্তন করেছেন, যার নিজের বোন তাঁর কাজ সামলান।” নাম না করেই অভিনেত্রী ইঙ্গিত করেন কঙ্গনা রানাউতের দিকে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আগেও তিনি মন্তব্য করেছেন এবং সেই সময়ও তাঁর নিশানায় ছিলেন কঙ্গনা।
সোনাক্ষীর বক্তব্য অনুযায়ী, কঙ্গনার বোন রঙ্গোলি চন্দেল তাঁর সিনেমা ও ব্যবসার দেখভাল করেন, কারণ অন্য কোনও ম্যানেজমেন্ট সংস্থা কঙ্গনাকে ক্লায়েন্ট হিসেবে নিতে চায়নি। কঙ্গনার নেপোটিজমবিরোধী অবস্থানের সমালোচনাও করেন সোনাক্ষী।
নিজের ক্যারিয়ারের বিষয়ে স্পষ্ট করে সোনাক্ষী জানান, প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহার কন্যা হওয়া সত্ত্বেও তিনি কোনওদিন বাবার সাহায্যে সিনেমা পাননি। ‘দাবাং’ ছবির প্রস্তাব তিনি পেয়েছিলেন শুধুমাত্র নিজের উপযুক্ততা ও সালমান খানের পরিবারের সঙ্গে পরিচয়ের কারণে।
অভিনেত্রী আরও বলেন, “আমি কঠোর পরিশ্রম করেছি, সময়নিষ্ঠ থেকেছি এবং আমার কাজের প্রতি দায়বদ্ধ থেকেছি। এই কারণেই দর্শক আমাকে গ্রহণ করেছে এবং আমি দশ বছর ইন্ডাস্ট্রিতে টিকে আছি।”
কঙ্গনার মন্তব্যকে ‘বালখিল্য’ আখ্যা দিয়ে সোনাক্ষী জানান, এই ধরনের বক্তব্যের কারণে আলিয়া ভাট, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর, সোনম কাপুরের মতো তারকাসন্তানদের নিয়ে ট্রল করা হয়, যা অন্যায়। তাদের দক্ষতা ও মেধাকে তিনি সম্মান করেন।
স্বজনপ্রীতি নিয়ে মানুষের ক্ষোভকে সম্মান জানিয়ে সোনাক্ষী বলেন, “দর্শকদের বলবো, স্টার কিডদের সময় দিন। কেউ কেউ দুর্বল হলেও অনেকে নিজের যোগ্যতায় জায়গা করে নিচ্ছে। সবাইকে এক জাতে ফেলা ঠিক নয়।”
