ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ইসরায়েলের হামলার জবাবে পাল্টা ড্রোন হামলা চালালো ইরান

প্রকাশিত: 13 June 2025, 12:29 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে এবার পাল্টা অভিযান চালিয়েছে ইরান। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের পক্ষ থেকে তাদের দিকে প্রায় ১০০টি ড্রোন হামলা করা হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, গত এক ঘণ্টায় ইসরায়েল অভিমুখে অন্তত ১০০টি ইউএভি (ড্রোন) ছোড়া হয়েছে, যেগুলো প্রতিহত করার চেষ্টা চলছে।

ডেফরিনের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানে ইসরায়েলি হামলায় প্রায় ২০০টি যুদ্ধবিমান অংশগ্রহণ করেছিল এবং দেশটির প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল।

অন্যদিকে, ইসরায়েলের হামলায় ইরানি সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি এবং জরুরি কমান্ড ইউনিটের প্রধান জেনারেল গোলাম আলি রশিদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজসহ বিভিন্ন স্থানে হামলা চালায়। পরে দেশটির অন্যান্য স্থানে বিস্ফোরণের শব্দও শোনা যায়।

এদিকে, ইসরায়েলের এই হামলার কঠোর জবাব দেয়ার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি বলেন, ‘জায়নবাদী এ হামলার জবাব অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনী দেবে। ইসরায়েলকে তার হামলার মূল্য চোকাতে হবে এবং আমরা কঠোর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত।’

হামলার পর ইরানের অ্যাটর্নি জেনারেলের দপ্তরও সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর বিবৃতি প্রকাশ করেছে।

মন্তব্য করুন