জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গমবোঝাই একটি ট্রাক উল্টে মালিক নূর মোহাম্মদ (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া পৌর এলাকার ফায়ার স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ চাঁদপুর জেলার জাঙ্গারচর পৌরসভার কোটারচর মহল্লার মৃত আব্দুল জলিল সরকারের ছেলে এবং ট্রাকটির মালিক ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, গমবোঝাই একটি ট্রাক গাইবান্ধা যাওয়ার পথে ওই স্থানে বিকল হয়ে পড়ে। পরে ট্রাকচালক ও হেলপার স্থানীয় মিস্ত্রি ডেকে মেরামত করতে গেলে জ্যাক ফসকে ট্রাকটি উল্টে যায়। ট্রাকচালক ও মিস্ত্রি দ্রুত দৌড়ে পালিয়ে রক্ষা পেলেও, ট্রাক মালিক নূর মোহাম্মদ পাশে দাঁড়িয়ে ছিলেন এবং ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ মঙ্গলবার সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।











