আবু সাঈদ হত্যা মামলা: সাবেক ভিসি ও আরএমপি কমিশনারসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশীদ, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সোমবার (৩০ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নাজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, তদন্ত সংস্থা হত্যার আলামতসহ চূড়ান্ত প্রতিবেদন ও প্রসিকিউশন ৩০ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ইতোমধ্যেই কারাগারে রয়েছেন।

প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম অভিযোগগুলো আদালতে উপস্থাপন করেন। বিচারকগণ অভিযোগের গ্রহণযোগ্যতা বিবেচনায় এনে গ্রেপ্তারি আদেশ দেন।

প্রসঙ্গত, গত বছর ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের পার্কমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়। তদন্তে উঠে আসে, হত্যাকাণ্ডে সাবেক আরএমপি কমিশনারসহ মোট ৩০ জনের সম্পৃক্ততা রয়েছে।