ইরাকের কুট শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৫০
অনলাইন ডেস্ক:
ইরাকের পূর্বাঞ্চলীয় শহর আল-কুটে একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রদেশটির গভর্নরের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ। এএফপি ও আল জাজিরা-সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও খবরটি নিশ্চিত করেছে।
তবে সরকারি সূত্রে এখনো স্পষ্ট করে জানানো হয়নি—অগ্নিকাণ্ডটি কুট শহরের ঠিক কোন স্থানে ঘটেছে। যদিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, একটি বড় ভবনের বিভিন্ন অংশ দাউদাউ করে জ্বলছে এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ছে।
স্থানীয় প্রশাসন ও দমকল বিভাগ এখনও আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তদন্তও শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
