ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউতে থমথমে পরিস্থিতি

প্রকাশিত: 17 July 2025, 1:10 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় চারজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নয়জন গুলিবিদ্ধ বলে জানা গেছে। এ ঘটনার পর শহরে ২২ ঘণ্টার কারফিউ জারি করেছে সরকার, যা বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার বিকেল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, কারফিউ চলাকালে পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সড়কে মানুষের চলাচল প্রায় নেই বললেই চলে। রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন দেখা যায়নি। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও হাটবাজার।

সংঘর্ষে নিহত চারজন হলেন—উদয়ন রোডের যুবলীগ সদস্য দীপ্ত সাহা (২৫), থানাপাড়ার রমজান কাজী (২৪), আড়পাড়া এলাকার ইমন তালুকদার (১৮) এবং টুঙ্গিপাড়ার সোহেল মোল্যা। তাদের মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, এনসিপির সভা শেষে গাড়িবহর ফেরার সময় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে। সারাদিন ধরে শহরজুড়ে চলা এ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এদিকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানান সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান। তবে যৌথবাহিনী কারফিউ চলাকালীন সময়ে ১৪ জনকে আটক করে সদর থানায় হস্তান্তর করেছে।

জেলা কারাগার, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও sensitive এলাকাগুলোতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। পরিস্থিতি এখনও উত্তপ্ত বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মন্তব্য করুন