নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার রাতের চার প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আরেকটি বৈঠক করেন।
প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে অংশগ্রহণ করেন রাষ্ট্রসংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, এলডিপির রেদওয়ান আহমেদ, খেলাফত মজলিসের ড. আহমাদ আব্দুল কাদের, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশিদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের ড. মিজানুর রহমান।
এর আগে, মঙ্গলবার রাতের বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন উপস্থিত ছিলেন।
বৈঠকগুলো দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসন এবং জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে।










