আবারও চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে চলমান সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপস্থিতি বাড়িয়েছে। একইসঙ্গে প্রস্তুত রাখা হয়েছে পুলিশি সাঁজোয়া যান (এপিসি) ও জলকামান, যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণার্থী চিকিৎসকরা তাদের কর্মসূচি শুরু করেন। তারা সকাল থেকে বটতলা চত্বরে জড়ো হতে থাকেন এবং পরে শাহবাগ মোড়ে এসে ভাতা বৃদ্ধির দাবিতে অবরোধ করেন। এ সময় তারা নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

এর আগে, ২২ ডিসেম্বর চিকিৎসকরা শাহবাগ মোড়ে অবরোধ করেছিলেন এবং তখন সরকারের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে চিকিৎসকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ সরকারী সিদ্ধান্তে তাদের প্রত্যাশা পূর্ণ হয়নি। এর আগে, ট্রেইনি চিকিৎসকরা সরকারের কাছে ২১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। দাবি পূরণ না হলে দেশের প্রায় ১৩ হাজার পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছিলেন।

শাহবাগ মোড়ের আশপাশের সড়কগুলো দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগী ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, “বেলা সাড়ে ১১টার দিকে ট্রেইনি চিকিৎসকরা রাস্তায় নেমে আসেন, ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।”