চামড়া শিল্পে অবহেলা অর্থনৈতিক অপরাধ: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
দেশের চামড়া শিল্পে দীর্ঘদিনের অবহেলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এ খাতকে ‘হারানো অর্থনৈতিক সম্ভাবনা’ হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা চামড়া শিল্পের যথাযথ মূল্যায়ন করিনি, এটি আমাদের অপরাধ।”
বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “নিজেদের স্বার্থেই আমাদের নীতিমালা ও আইনগুলো কার্যকরভাবে সাজিয়ে এগোতে হবে। যেগুলো কাজে আসছে না, তা সংশোধন করতে হবে। এটাই উত্তরণের জন্য মৌলিক কাজ।”
চামড়া শিল্পের সংকট নিরসনে পৃথক বৈঠকের নির্দেশনা দিয়ে তিনি বলেন, সাভারের টানারি ভিলেজে ইটিপি পূর্ণমাত্রায় চালুর অগ্রগতি, মুন্সিগঞ্জের গজারিয়ায় এপিআই পার্ক বাস্তবায়নের অবস্থা এবং ২০২২ সালের শিল্পনীতি হালনাগাদ সম্পর্কেও আজকের সভায় আলোচনা হয়েছে।
এছাড়াও তিনি আগামী দুই মাসের মধ্যে এলডিসি উত্তরণ সংক্রান্ত পরবর্তী বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন।
সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
