অনলাইন ডেস্ক:
নতুন বছর উপলক্ষে প্রকাশিত হয়েছে বহু প্রতীক্ষিত সিনেমা ‘টগর’-এর অ্যানাউন্সমেন্ট টিজার। টিজারে এক ভয়ার্ত দৃশ্য তুলে ধরা হয়েছে, যেখানে চিত্রিত হয়েছে অনেকগুলো ছিন্ন-ভিন্ন মরদেহ। এক হিংস্র ব্যক্তি তাদের মধ্যে একটি নিথর দেহের পা ধরে টেনে নিয়ে যাচ্ছে, আর পাশে দাঁড়িয়ে ভয়ে চোখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে একটি মেয়ে। এই রহস্যময় এবং থ্রিলার ধাঁচের দৃশ্যটি দেখেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। এরপর, অস্ত্রধারী এক ব্যক্তি মেয়েটির দিকে তেড়ে আসছে, এর পরের ঘটনা নিয়ে দর্শকদের মনে হাজারো প্রশ্ন জেগে উঠছে।
ছবিটির কনসেপ্ট তৈরি করেছেন এআর টিম, আর সংলাপ লিখেছেন মামুনুর রশীদ তানিম। এই সিনেমার পরিচালনা করেছেন আলোক হাসান। ‘টগর’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ, এবং তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী।
আদর আজাদ বলেন, “এটি আমার প্রথম এমন ধরনের চরিত্র, যেখানে তামিল বা বলিউডের ভাইব চরিত্রের মতো কিছু রয়েছে। আমি আশা করছি, এটি দর্শকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা হবে।” অন্যদিকে দিঘী জানান, “গল্পটি অসাধারণ এবং এতে বাণিজ্যিক উপাদান ও চমক রয়েছে, যা দারুণ কিছু হতে চলেছে।”
নির্মাতা আলোক হাসান জানান, নতুন বছরের চমক হিসেবে আসছে ‘টগর’ সিনেমা। রক্ত ও প্রতিশোধের গল্প নিয়ে তৈরি এই সিনেমাটির শ্যুটিং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে।











