সাপাহারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

বাবুল আক্তার, নওগাঁ:

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে যথাযথ মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট মঙ্গলবার উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে প্রথমে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম, সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি তসলিম উদ্দীন, সফল আত্মকর্মী শেফালী আকতার ও ফুয়াদ ফরহাদ এবং মাউন ক্লাবের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ।

বক্তারা প্রযুক্তিনির্ভর যুব সমাজ গঠনে যুবকদের দায়িত্ব ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের অংশ হিসেবে ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর উদ্যোগে আয়োজন করা হয় এক বিশেষ কুইজ প্রতিযোগিতা।

দিনের কর্মসূচির শেষ পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুবতীদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।