ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

আগামী সপ্তাহেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে ইসি: সচিব

প্রকাশিত: 14 August 2025, 5:41 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন্ন নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা আশা করছি আগামী সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে পারবো।”

সচিব জানান, রোডম্যাপে সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে সংলাপের সময়সূচি, বিদ্যমান নির্বাচন আইন সংশোধন ও সংস্কার, দল নিবন্ধন, প্রশিক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনী সরঞ্জাম সংগ্রহসহ নির্বাচনের পূর্ব ও পরবর্তী প্রস্তুতিমূলক কার্যক্রমের সময়রেখা অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সেই লক্ষ্যে ইতোমধ্যে দেশজুড়ে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ২০০৭-২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে প্রথমবার রোডম্যাপ প্রকাশ করে ইসি। এরপর থেকেই এটি একটি প্রতিষ্ঠিত প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। সর্বশেষ দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ প্রকাশ হয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে।

বর্তমান নির্বাচন কমিশন ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর ২০২৫ সালের ডিসেম্বরকে লক্ষ্য ধরে একটি প্রাথমিক কর্মপরিকল্পনা তৈরি করেছিল। তবে এখন ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য সময় নির্ধারণ হওয়ায় সেই কর্মপরিকল্পনায় পরিমার্জন আনা হচ্ছে।

আগামী ১৮ আগস্ট ইসির বৈঠকে এই রোডম্যাপ চূড়ান্ত করা হতে পারে। অনুমোদনের পর তা একটি পুস্তিকা আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

মন্তব্য করুন