এবার বড় পর্দার নায়িকা রুনা খান

অনলাইন ডেস্ক

ছোট ও বড় পর্দায় নানাবিধ চরিত্রে অভিনয় করে ইতোমধ্যেই দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী রুনা খান। তবে এবার তিনি একেবারে নতুন ভূমিকায় আসছেন বড় পর্দায়—প্রথমবারের মতো সিনেমার কেন্দ্রীয় নায়িকার চরিত্রে দেখা যাবে তাকে।

পরিচালক আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন রুনা খান। পরিচালক জানিয়েছেন, রুনা ইতোমধ্যে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এবং অন্যান্য চরিত্রের শিল্পীদের নির্বাচন প্রায় চূড়ান্ত। চলতি বছরের শেষ দিকে শুটিং শুরুর লক্ষ্যে সব প্রস্তুতি এগিয়ে চলেছে।

 

রুনা খান জানান, “গত শীতকালে এ ছবির ব্যাপারে আমার সঙ্গে কথা শুরু হয়। গল্পটা শোনার পর ভালো লাগে। পরে চিত্রনাট্য পড়ে এবং চরিত্রটা পছন্দ হলে চুক্তিবদ্ধ হই। আমি এখানে একজন চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করব। আমি সবসময় এমন চরিত্রে অভিনয় করতে ভালোবাসি যেগুলোর সঙ্গে বাস্তব জীবনের মিল পাওয়া যায়। এই চরিত্রটিও তেমন।”

২০০৭ সালে নোমান রবিনের পরিচালনায় একটি টেলিফিল্মে যাত্রাপালার অভিনেত্রী হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম রুপালি পর্দায় নায়িকার চরিত্রে দেখা যাবে তাকে।

তিনি আরও বলেন, “নায়িকার চরিত্রে আগে কখনো কাজ করিনি। প্রায় ১৭-১৮ বছর আগে যাত্রার অভিনেত্রী হয়েছিলাম টেলিফিল্মে। এবার দর্শক আমাকে সিনেমার নায়িকা হিসেবে দেখবেন। কাজটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

সিনেমার গল্প নিয়েও উত্তেজনা প্রকাশ করে রুনা বলেন, “আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তারা শুধু পর্দায়ই জীবন্ত থাকি না। বাস্তব জীবনেও আমাদের হাসি, কান্না, আবেগের গল্প থাকে। এমনই এক বাস্তবঘনিষ্ঠ নায়িকার গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। দর্শকদের ভালো লাগলেই আমার কাজ সার্থক হবে।”