অনলাইন ডেস্ক:
কেপটাউন টেস্টের প্রথম দিনই চোটে পড়ে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। এর ফলে চলতি বিপিএল আসরে আর খেলা হবে না তার। পাকিস্তানের টেস্ট দলের সাথে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সাইমের গোড়ালিতে ফাটল ধরেছে।
কেপটাউন টেস্টের সপ্তম ওভারে রায়ান রিকেলটনের ব্যাট থেকে ধেয়ে আসা বল স্লিপ দিয়ে থার্ডম্যানের দিকে যাচ্ছিল। সেই বল তাড়াতে গিয়ে আমের জামালের সাথে দৌড়াচ্ছিলেন সাইম, আর সেখানেই চোট পান তিনি। স্ক্যানের পর জানা যায়, গোড়ালিতে ফাটল ধরেছে, যার ফলে মাঠে ফিরতে অন্তত ৬ সপ্তাহ সময় লাগবে তার।
এই চোটের কারণে সাইমের বিপিএলে খেলা নিশ্চিতভাবেই শেষ হয়ে গেছে। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে যাওয়ার কথা থাকলেও জাতীয় দলের খেলা থাকায় তিনি প্রথমে দলে ছিলেন না। পরে কিছুটা আশা ছিল, তবে এখন তা আর সম্ভব হচ্ছে না।
এদিকে, কেপটাউন টেস্টে চোট পাওয়া সাইম এখনই দেশে ফিরছেন না। সফর শেষ হলে তিনি দলের সাথে পাকিস্তানে ফিরে যাবেন। দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা।











