অনলাইন ডেস্ক:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুলিশ অফিসার মোহাম্মদ আরিফুজ্জামানকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছার আর্মড পুলিশ ব্যাটালিয়নের ২ নম্বর ব্যাটালিয়নে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের ওপর শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। আশঙ্কায় আরিফুজ্জামান উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের হাকিমপুর তেঁতুলিয়ার এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন।
সেপ্টেম্বর ২৩ তারিখে বিএসএফের বিশেষ গোয়েন্দা শাখার অভিযান শেষে বিকেলে তাকে আটক করা হয় এবং পরে স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৭ আগস্ট তাকে সাসপেন্ড করেছিল দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে।
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ এই শীর্ষ পুলিশ কর্মকর্তা ধরা পড়ার ঘটনা ভবিষ্যতে নতুন মোড় আনতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের জুনে একই জেলার জগদ্দল থেকে হাসান আরাফাত আবিদ নামে আরেক বাংলাদেশি পুলিশ সুপারসহ দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছিল বিএসএফ, তবে তারা বৈধভাবে ভারতে প্রবেশ করায় পরে ছাড়া পেয়েছিলেন।










