রংপুরে নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়ল বাঁধ
জেলা প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জ উপজেলার আখিরা শাখা নদীর তীর সংরক্ষণ বাঁধের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। এর মধ্যেই ১০০ মিটার বাঁধ ধসে পড়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং তড়িঘড়ি করে কাজ করার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ আগস্ট)। বাঁধটি নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে, ৫ কোটি ৩৮ লাখ টাকার একটি প্রকল্পের আওতায়। স্থানীয় ঠিকাদার ভরত প্রসাদ কাজটি বাস্তবায়ন করছেন, যার মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদীর তীরে ব্লক বসানোর কাজ এখনও শেষ হয়নি। অনেক অংশে বসানো ব্লক আগেই খসে পড়েছে। ওয়াকওয়ের টাইলস উঠে গেছে। আশপাশে কোনো সাইনবোর্ড নেই—যা প্রকল্প বাস্তবায়নের নিয়মের পরিপন্থী।
চতরা ইউনিয়নের একাধিক বাসিন্দা অভিযোগ করেন, মাটি ঠিকমতো ডাম্পিং না করায় ব্লক বসে যাচ্ছে। কেউ কেউ বলেন, প্রকল্পটি বন্যা মোকাবেলার উপযোগী নয়, বরং কাগজে-কলমেই বেশি সুন্দর। ইউপি সদস্যরা অনিয়মের কথা জানলেও অনেকে নাম প্রকাশ করতে চাননি।
ঠিকাদার ভরত প্রসাদ দাবি করেন, ধসের পেছনে মূল কারণ মাটির স্তর দুর্বল হওয়া। তিনি বলেন, “একবার ঠিক করেছি, আবার সমস্যা হয়েছে। এই মৌসুমে ঠিক করা সম্ভব নয়।”
পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী টিএম ইসরাফিল হক বলেন, “এই প্রকল্পটি মূলত সৌন্দর্যবর্ধনের জন্য। এখানে ডাম্পিং ছিল না। অতিরিক্ত পানির চাপের কারণে কিছু অংশ ধসে গেছে। ঠিকাদারকে চিঠি দিয়ে মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।”
ব্লকের মান নিয়ে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “বুয়েট থেকে ব্লকের টেস্ট করানো হয়েছে। যে ব্লকগুলোতে সমস্যা ধরা পড়েছে, সেগুলো বাতিল করা হয়েছে।”
নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, “খালটি আগে লিজ দেওয়া ছিল। পানি ও মাটির পরিস্থিতি ভালো না থাকায় এই সমস্যা হয়েছে। তবে চুক্তি অনুযায়ী, এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয়, ঠিকাদার তা মেরামত করবে।”
স্থানীয়দের দাবি, কোটি কোটি টাকা ব্যয় হলেও বাস্তব ফল নেই। “যে কাজ শুরুর আগেই ভেঙে যায়, তা দিয়ে বসতবাড়ি রক্ষা তো দূরের কথা, বরং বিপদের কারণ হয়ে দাঁড়াবে,” বলেন একজন বাসিন্দা।
তবে পাউবো ও ঠিকাদারি প্রতিষ্ঠান দুর্নীতি বা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, প্রকল্পে চুক্তি অনুযায়ী সব নিয়ম মেনে কাজ করা হয়েছে, এবং ভবিষ্যতে যে কোনো সমস্যা ঠিক করা হবে।
