নওগাঁয় অটোচালক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক:

নওগাঁয় ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকে ৫ হাজার টাকা করে অর্থদ- অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মো. কায়সারুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং একজন পলাতক ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুনছুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার আরজি-নওগাঁ মন্ডলপাড়া এলাকার শুকুর আলীর ছেলে জুয়েল জাহের আলী (পলাতক), উত্তরপাড়া পবা মসজিদ এলাকার হাসান মিয়ার ছেলে সুরুজ মিয়া, বেদারুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার খানপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে আব্দুর রশিদ। এদিকে সদর উপজেলার নিউসাহাপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে আ. আজিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওযায় তাকে খালাস দেওয়া হয়। আদালত সূত্রে জানা যায়, ভজন দেবনাথ সজল একজন অটোরিকশা চালক ছিলেন।

২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে তার নিজস্ব অটোরিকশাটি নিয়ে প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালানোর জন্য নিজ বাড়ি থেকে বাইরে যান। তারপর ওই রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এরপর স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরের দিন ১৭ নভেম্বর সকালে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি গোটার বিলে পাকা রাস্তা সংলগ্ন কাদা পানিতে কচুরি পানার মধ্যে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা ভূপেনন্দ্রাথ দেবনাত বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘদিন ধরে চলা এ মামলায় ১৩ জন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। মামলার এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনছুর আলী সন্তোষ প্রকাশ করেছেন।